অন্তঃসত্ত্বা গুঞ্জনে মুখ খুললেন শবনম বুবলী
গুঞ্জন-আবেগ-আক্ষেপ: এক ফ্রেমে বুবলীর অকপট কথন
হৃদয় খান: ভালোবাসা দিবসের আবহে আবারও আলোচনার কেন্দ্রে ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। ব্যক্তিগত জীবন থেকে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন—সবকিছু নিয়েই খোলামেলা মুখ খুলছেন তিনি এক বিশেষ পডকাস্টে। সম্পর্ক, মাতৃত্ব আর ক্যারিয়ারের অজানা গল্পে জমে উঠেছে এই আয়োজনে তার উপস্থিতি।
বিশ্ব ভালোবাসা দিবস ও ফাল্গুনের প্রথম দিন উপলক্ষে তিনি হাজির হয়েছেন আলোচিত পডকাস্ট “Behind the Fame with RRK”-এর ‘ভ্যালেন্টাইনস স্পেশাল’ পর্বে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় এটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।
এই বিশেষ পর্বে বুবলী তার জীবনের অনেক না বলা গল্প শেয়ার করেছেন। ব্যক্তিগত জীবন, প্রেম, সংসার ও ক্যারিয়ার—সবকিছু নিয়েই কথা বলেছেন খোলামেলাভাবে। বিশেষ করে মেগাস্টার শাকিব খান-এর সঙ্গে তার বর্তমান সম্পর্কের অবস্থান, অন্যান্য তারকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন এবং পরিবারকে অমান্য করে চলচ্চিত্রে আসার সিদ্ধান্ত—এসব বিষয়েও দিয়েছেন স্পষ্ট ব্যাখ্যা।
পডকাস্টে নিজের প্রথম প্রেমের স্মৃতিও তুলে ধরেন এই চিত্রনায়িকা। তবে সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে সন্তান বীরকে নিয়ে কথা বলতে গিয়ে। মাতৃত্ব তার জীবনে কীভাবে পরিবর্তন এনেছে, কীভাবে একজন নারী হিসেবে তাকে আরও পরিণত করেছে—সেসব অনুভূতির কথা অকপটে ভাগ করে নেন তিনি।
এদিকে আবারও মা হতে চলেছেন—এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোবিজ অঙ্গনে আলোচিত। জানা গেছে, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী সবকিছু ঠিক থাকলে রোজার শুরুতেই সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছেন। বিষয়টি নিয়েও পডকাস্টে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বুবলী, যা নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।
কথোপকথনে উঠে এসেছে তার পুরস্কার-প্রাপ্তির অভিজ্ঞতাও। বুবলী জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননার ঘোষণার আগে তাকে অভিনন্দন জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পুরস্কার না পাওয়ার অভিজ্ঞতা তাকে হতাশ করেছিল। তবে সময়ের সঙ্গে সেটিকে জীবনের অংশ হিসেবেই মেনে নিয়েছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। ব্যক্তিগত ও পেশাগত জীবনের অজানা অধ্যায় উন্মোচনের এই বিশেষ পর্ব ঘিরে ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
বিআলো/তুরাগ



