আগামীর দেশ হবে ন্যায় ও ইনসাফের : অধ্যাপক মুজিবুর রহমান
মুশফিক হাওলাদার, ভোলা দক্ষিণ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও (সাবেক এমপি) অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতে ইসলামী।আগামীর দেশ হবে ন্যায় ও ইনসাফের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো কর্মী চাঁদাবাজি বা অন্যায় কর্মকাণ্ডে জড়িত নয়।
বিগত ৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেও জনগণ কোনো নতুন কিছু পায়নি। একটি দল তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারা আবার ক্ষমতায় এলে জুলুম ও চাঁদাবাজি ফিরে আসবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারী শ্রমজীবীদের ৮ ঘণ্টার পরিবর্তে ৫ ঘণ্টা কাজ করতে হবে, ৬০ বছরের ঊর্ধ্বে সকল নাগরিক বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য থাকবে ফ্রি চিকিৎসা।
ফ্যাসিস্ট সরকার দেশের প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। এসব টাকা উদ্ধার করে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করা হবে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে যাকাত চালু করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত ফুলকপি প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করুন।
বুধবার দুপুরে ভোলার লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বিডিপির মনোনীত ফুলকপি প্রতীকের প্রার্থী মুহা, নিজামুল হক নাঈম এর সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
ভোলা-৩ আসনের জামায়াতের আসন পরিচালক মাওলানা মো. আখতার উল্লাহর সভাপতিত্বে এবং ভোলা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কাজী মো. শাহে আলমের সঞ্চালনায় জনসভায় বিশেষ বক্তব্য রাখেন প্রার্থী নিজামুল হক নাইম।
এছাড়া বক্তব্য রাখেন বিডিপির চেয়ারম্যান অ্যাড. আনোয়ারুল ইসলাম চান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি মো. রিয়াজুল ইসলাম এবং লালমোহন উপজেলা জামায়াতের আমির আবদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিআলো/আমিনা



