এনফিল্ডে ঝড় তুলে নিউক্যাসলকে উড়িয়ে দিল লিভারপুল
স্পোর্টস ডেস্ক: দুই মিনিটের ব্যবধানে হুগো একিতিকের জোড়া গোলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল।
এনফিল্ডে দারুণ প্রত্যাবর্তনের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে পরাজিত করেছে লিভারপুল। দুই মিনিটের ব্যবধানে হুগো একিতিকের করা দুটি গোলই ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয় আর্নে স্লটের দলের হাতে।
লিভারপুলের হয়ে আরও দুটি গোল করেন ফ্লোরিয়ান উইর্টজ ও ইব্রাহিমা কোনাতে। এই জয়ে এক মাসের বেশি সময় পর জয়ের স্বাদ পেল লিভারপুল, উঠে এসেছে লিগ টেবিলের পাঁচ নম্বরে। ৩৯ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে। অন্যদিকে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশ নম্বরে নেমে গেছে নিউক্যাসল।
ম্যাচের শুরুটা ভালোই করেছিল সফরকারী নিউক্যাসল। ৩৬ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় তারা। এতে ১৯৯৪ সালের পর এনফিল্ডে প্রথম জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দলটি।
তবে ৪১ ও ৪৩ মিনিটে টানা দুই গোল করে সেই স্বপ্ন ভেঙে দেন হুগো একিতিকে। প্রথম গোলে তাকে সহায়তা করেন ফ্লোরিয়ান উইর্টজ। পরের মিনিটে মিলোস কেরকেজের লং বল থেকে গোল করেন একিতিকে।
৬৭ মিনিটে মোহাম্মদ সালাহর সঙ্গে ওয়ান-টু খেলে গোল করেন উইর্টজ নিজেই। এরপর যোগ করা সময়ে ইব্রাহিমা কোনাতে গোল করলে বড় জয় নিশ্চিত হয় লিভারপুলের।
কোনাতের এই গোলটি ছিল বিশেষ আবেগের। চলতি মাসে বাবার মৃত্যুতে দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি। গোল করার পর আবেগাপ্লুত হয়ে পড়েন এই ডিফেন্ডার, সতীর্থদের সান্ত্বনায় ভেসে যান।
বিআলো/শিলি



