কয়রা-পাইকগাছায় ধানের শীষে ভোট চাইতে মাঠে বিএনপি
মুশফিকুর রহমান, খুলনা : খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা জোরালো করতে সরাসরি জনসংযোগে নেমেছে খুলনা জেলা বিএনপি। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে খুলনা জেলা বিএনপির আহ্বায়কের নেতৃত্বে কয়রা উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে সংসদ সদস্য পদপ্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর পক্ষে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা চালানো হয়। সকাল ১০টা থেকে কয়রা বাজারসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ, পথসভা এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা।
গণসংযোগকালে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক বলেন, ধানের শীষ সাধারণ মানুষের আশা-আকাঙ্খার প্রতীক। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের অধিকার প্রয়োগের আহ্বান জানান।
কর্মসূচিতে উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন বাবুল, সদস্য সচিব এম এ হাসান, শরিফুল আলম, মোস্তাফিজুর রহমান, সালাউদ্দিন লিটন, আবুল বাশার ডাবলুসহ অন্যান্য নেতারা।
এছাড়া যুবদল, কৃষক দল, ছাত্রদল ও তরুণ দলের নেতাকর্মীরা গণসংযোগে সক্রিয়ভাবে অংশ নেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, গণসংযোগে ভোটারদের ইতিবাচক সাড়া তাদের আশাবাদী করেছে। তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে খুলনা-৬ আসনে ধানের শীষ কাঙ্খিত ফল অর্জন করবে।
বিআলো/আমিনা



