চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর : চাঁদপুরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও আক্কাছ আলী রেলওয়ে একাডেমির সভাপতি একরামুল ছিদ্দিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু ভালো ফলাফল অর্জন করলেই একজন শিক্ষার্থী পূর্ণ মানুষ হয়ে ওঠে না।
নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হয়। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, সহনশীলতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে।
সাংস্কৃতিক চর্চা সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে। এ কারণে শিক্ষার্থীদের এসব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি। অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইমরান হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কাশেম মিয়াজী, সিনিয়র শিক্ষক ফরিদ আহমেদ পাটোয়ারী, সিনিয়র শিক্ষিকা মরিয়ম বেগম, সিনিয়র শিক্ষিকা ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষিকা তানিয়া জেসমিন ও সহকারী শিক্ষক শাহাদাত হোসেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিদ্যালয় পরিচালনা পর্ষদ, আক্কাছ আলী রেলওয়ে একাডেমি। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা



