চার উপায়ে মিলবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বরের তথ্য
বিআলো ডেস্ক: আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের তথ্য জানার প্রক্রিয়া সহজ করেছে নির্বাচন কমিশন। ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি ভিন্ন ও সহজ পদ্ধতি চালু করা হয়েছে।
ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য জানার জন্য চারটি পদ্ধতি চালু করা হয়েছে বলে শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক। এসব মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
অ্যাপের মাধ্যমে তথ্য:
ভোটাররা ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম’ অ্যাপ ব্যবহার করে তথ্য জানতে পারবেন। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করার পর ড্যাশবোর্ডে গিয়ে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করতে হবে। এরপর ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।
হটলাইনে কল করে:
ভোটাররা হটলাইন নম্বর ১০৫-এ কল করেও তথ্য জানতে পারবেন। কলের পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ ক্ষেত্রে এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে।
এসএমএস সেবা:
এসএমএসের মাধ্যমে তথ্য পেতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে EC স্পেস NID নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানানো হবে।
ওয়েবসাইটে খোঁজার সুযোগ:
নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করেও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। যেকোনো ব্রাউজার থেকে bps.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলে দুটি উপায়ে অনুসন্ধান করা যাবে। একদিকে নির্বাচনি এলাকা ও উপজেলা বা থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা যাবে, অন্যদিকে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে সরাসরি তথ্য পাওয়া যাবে। পাশাপাশি গুগল ম্যাপে ভোটকেন্দ্রের অবস্থান দেখার সুবিধাও রয়েছে।
বিআলো/শিলি



