জনসমর্থন না থাকায় জামায়াতে ইসলামী টাকা দিয়ে ভোট কেনার পথ বেছে নিয়েছে: আমিনুল হক
টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমিনুল হকের
বোরকা পরে অসহায় মানুষের হাতে টাকা তুলে দেওয়ার সময় হাতেনাতে আটক—এমন ঘটনার মধ্য দিয়ে ঢাকা-১৬ আসনে নির্বাচনী প্রচারণায় নতুন মোড় নিয়েছে। ঘটনার পেছনে জামায়াতে ইসলামী জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক।
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে টাকা বিতরণের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে। তিনি জানান, গতকাল সকালে ও বিকেলে দুইটি স্থানে বোরকা পরে অসহায় মানুষের মধ্যে টাকা বিতরণের সময় সংশ্লিষ্টদের হাতেনাতে ধরা হয়। পরে পুলিশ তাদের আটক করে এবং এ ঘটনায় আইনগত অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার প্রচারণার ১৬তম দিনে পল্লবীর ৩ নম্বর ওয়ার্ডের সবুজ বাংলা মদিনানগর ও আরশীনগর এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
আমিনুল হক বলেন, “জনসমর্থন না থাকায় জামায়াতে ইসলামী টাকা দিয়ে ভোট কেনার পথ বেছে নিয়েছে। জনগণের রায় তারা বুঝে গেছে বলেই এমন নৈতিকতাবর্জিত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।” তিনি আরও জানান, মিরপুর ডিআইএইচএস এলাকার একটি স্থানে টাকা বিতরণের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ধানের শীষে ভোট দিলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে—এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকাগুলোতে কোনো সিসিটিভি নজরদারি ব্যবস্থা নেই। ফলে সিসিটিভি ফুটেজ থাকার যে দাবি করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই বলে দাবি করেন তিনি।
এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে আমিনুল হক বলেন, উদ্বাস্তু জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসন, বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তার প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও অন্যান্য মৌলিক সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তরুণরাই পারে দেশ ও ইতিহাস বদলাতে—যার প্রমাণ চব্বিশের গণঅভ্যুত্থান।” শিক্ষা, কর্মসংস্থান ও ন্যায্য সুযোগ নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন আমিনুল হক।
বিআলো/তুরাগ



