ঝালকাঠিতে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ব্রিফিং
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঝালকাঠিতে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় বিষয়ে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং সভায় সভাপতিত্ব ও দিকনির্দেশনা প্রদান করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামসহ ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা।
ব্রিফিংয়ে নির্বাচন ও গণভোট চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অনিয়ম ও অপরাধ দমন এবং নির্বাহী ও বিচারিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, নির্বাচনের প্রতিটি ধাপে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে সকলকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বিআলো/আমিনা



