ঢাকা-১৭: ভাষানটেকে তারেক রহমানের পক্ষে বিশাল শোডাউন, জনতার উদ্দীপনা নজর কেড়েছে
ঢাকা-১৭ এর জনসাগর: আগামীকাল তারেক রহমানের আগমন
নিজস্ব প্রতিবেদক: মিছিল তো মিছিল, কিন্তু আজকের মিছিলটি ছিল অন্যরকম। এত বড়, এত দীর্ঘ এবং এত উৎসাহী মানুষ একত্রিত হয়েছে—সেটা স্বচক্ষে না দেখলে বোঝার উপায় নেই। নির্বাচনের শেষ কয়েকদিনে বিএনপির প্রতি মানুষের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। যারা এতদিন মিছিলে যায়নি বা স্লোগান দেয়নি, তারা আজ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে।
মিছিলে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা-১৭ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং যুগ্ম সমন্বয়ক ডাক্তার ফরহাদ হালিম ডোনার।
ঢাকা উত্তরের ১৪ নং ওয়ার্ডের ডেন্টাল কলেজ থেকে শুরু হওয়া মিছিলটি ভাষানটেক বাজার, বাগানবাড়ি, মাটিকাটা, মাটিকাটা বাজার, ইসিবি চত্বর, বালুরঘাট, মানিকদি বাজার, নম্বরিটেক বাজার, মাস্টারটেক, উত্তর মানিকদি, পশ্চিম মানিকদি, বাউনিয়া হয়ে কালশী এসে শেষ হয়।
দীর্ঘ সাত-আট কিলোমিটার পথের এই মিছিলে অংশ নেন কৃষিবিদ শামিমুর রহমান শামীম, ঢাকা উত্তরের নেতা মোস্তাফিজুর রহমান সেগুন, আব্দুর রাজ্জাক, ভাষানটেক থানার সভাপতি কাদির মাহমুদ, সাধারণ সম্পাদক রেজানুর সেলিম, ক্যান্টনমেন্ট থানা সভাপতি আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ বাবুল, সহসভাপতি মেরাজ উদ্দিন, ১৫ নং ওয়ার্ড সভাপতি তোফাজ্জল হোসেন বাবু, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও ক্যান্টনমেন্ট থানার ছাত্রদল সভাপতি মোহাম্মদ হোসেন প্রমুখ।
মিছিল চলার সময় আশপাশের দোকানদার, বাড়ির গৃহিণী এবং সাধারণ মানুষ হাত নেড়ে সমর্থন জানাচ্ছেন। উঁচু ভবনের বারান্দা ও জানালা দিয়ে শিশু-বালকরা সমর্থন দেখাচ্ছেন। এই সক্রিয় সাড়া মিছেলের সৌন্দর্য বহুগুণ বাড়িয়েছে।
দীর্ঘ মিছিলের পর প্রধান সমন্বয়ক আব্দুস সালাম বলেন, আগামীকাল ইসিবি চত্বর ভাষানটেকসহ বিভিন্ন স্থানে ঢাকা-১৭ নির্বাচনী আসনের প্রার্থী তারেক রহমান উপস্থিত থাকবেন। তিনি জনগণকে স্বতঃস্ফূর্তভাবে প্রোগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, “আমরা একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ধানের শীষে ভোট চাই। শুধু নিজের ভোট নয়, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়াপড়শিদেরও ভোটকেন্দ্রে নিয়ে আসবেন।”
দীর্ঘ পথ হেঁটে মিছিল শেষে কর্মীদের মধ্যে ক্লান্তির কোনো ছাপ দেখা যায়নি। প্রধান সমন্বয়ক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।
বিআলো/তুরাগ



