মিরপুরে ভোট প্রভাবিত করতে “উপহার” বিতরণের অভিযোগ আমিনুল হকের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক মিরপুর-১১-এর আদর্শ নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় অভিযোগ করেছেন, জামায়াত ইসলামী সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করছে। তিনি সতর্ক করে বলেন, “অসহায় মানুষকে টাকা ও খাবার দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। জনগণ এখন সচেতন এবং প্রলোভনে পা দেবে না।
নির্বাচনী প্রচারণার ১৪তম দিনে মিরপুর-১১-এর আদর্শ নগর এলাকায় গণসংযোগকালে আমিনুল হক এসব অভিযোগ করেন। তিনি দাবি করেন, শবে বরাতের সময় জামায়াতের কর্মীরা রাতের আঁধারে ঘরে ঘরে পোলাওয়ের চাল ও মুরগি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। নির্বাচনী প্রভাব সৃষ্টির এই চক্রান্তে একটি চক্র বিভ্রান্তিমূলক তথ্য ও অর্থের প্রলোভন দেখিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরও জানান, এই ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। পাশাপাশি, দলের কেন্দ্রীয় নেতারাও বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলছেন।
গণসংযোগে আমিনুল হক ভোটারদের কাছে নিজের ইশতেহার তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। তিনি বলেন, “সাধারণ মানুষ এখন সচেতন; তারা প্রলোভনে পা দেবে না।” গণসংযোগে বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন, যা প্রার্থীর জনপ্রিয়তারই এক প্রতিফলন।
বিআলো/তুরাগ



