ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২৬ উপলক্ষ্যে উপকূলে কোস্ট গার্ড মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের বিস্তীর্ণ সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিয়মিত অভিযান ও নিরাপত্তামূলক কার্যক্রমের মাধ্যমে কোস্ট গার্ড উপকূলবাসীর কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ নির্বিঘ্নভাবে সম্পাদনের লক্ষ্যে গত ১৮ জানুয়ারি থেকে বাংলাদেশ কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। এই মোতায়েন কার্যক্রম চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত, যা মোট ২৮ দিনব্যাপী। এ সময় কোস্ট গার্ড দায়িত্বাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রসমূহে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।
এর অংশ হিসেবে কোস্ট গার্ডের পশ্চিম জোনের আওতাধীন খুলনা-১, খুলনা-৬ ও পিরোজপুর-৩ আসনের দাকোপ, কয়রা ও মঠবাড়িয়া উপজেলার নির্ধারিত নির্বাচনি এলাকায় ১৬টি ইউনিয়নের মোট ৬৬টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উৎসবমুখর ও নিরাপদ ভোটের পরিবেশ তৈরিতে কাজ করছে কোস্ট গার্ড।
একই দিনে অনুষ্ঠিতব্য গণভোট-২০২৬ উপলক্ষেও আইন-শৃঙ্খলা রক্ষা, সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে পশ্চিম জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
কোস্ট গার্ড জানায়, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরিবেশ সৃষ্টিতে তারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়িত্ব পালনে সর্বদা তৎপর থাকবে।
বিআলো/এফএইচএস



