দুর্গম পাহাড় পেরিয়ে ভোটের পথে বান্দরবানের মানুষ
বান্দরবান প্রতিনিধি : প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পার্বত্য জেলা বান্দরবানের অনেক ভোটারের জন্য ভোটাধিকার প্রয়োগ এখনো কষ্টসাধ্য। জেলার বিভিন্ন দুর্গম এলাকায় ভোট দিতে যেতে ভোটারদের ৮ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত পাহাড়ি পথ হেঁটে পাড়ি দিতে হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বান্দরবানে প্রায় ৩ লাখ ১৫ হাজার ভোটারের জন্য মোট প্রায় ১৮৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে বেশ কিছু কেন্দ্র অত্যন্ত দুর্গম এবং অনেক স্থানে সড়ক, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সুবিধা নেই। ১১টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের হেলিকপ্টারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকার ভোটাররা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। কোথাও নৌপথে, কোথাও দীর্ঘ পাহাড়ি পথ হেঁটে কেন্দ্রে যেতে হয়। যানবাহন চলাচল সীমিত থাকায় ভোটের দিন এই দুর্ভোগ আরও বাড়ে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্গম কেন্দ্রে ভোটার উপস্থিতি নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। জেলা প্রশাসন বলছে, যাতায়াত সমস্যা কমাতে সীমিত পরিসরে বিকল্প ব্যবস্থা নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের।
বিআলো/আমিনা



