ধানের শীষের নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন জনপ্রিয় শিল্পীরা
সাংস্কৃতিক কর্মসূচি ও সরাসরি জনসংযোগে ভোটারদের মধ্যে উৎসবমুখর উদ্দীপনা
হৃদয় খান: সাংস্কৃতিক রঙে সাজানো নির্বাচনী মাঠে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন ধানের শীষের জনপ্রিয় শিল্পীরা। সংগীত ও অভিনয়ের মাধ্যমে তারা এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন।
আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ঘিরে সাংস্কৃতিক প্রচারণায় সক্রিয় হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় নির্বাচনি পরিচালনা কমিটির সাংস্কৃতিক উপ-কমিটি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনি আসনে দিনব্যাপী সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করেছে।
এই প্রচারণা কার্যক্রমের সমন্বয় করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপ-কমিটির প্রধান, জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। তাঁর নেতৃত্বে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সংগীত পরিবেশন ও জনসংযোগে অংশ নেন, যা এলাকায় ব্যাপক জনজোয়ার ও উৎসবমুখর নির্বাচনি আবহ তৈরি করেছে।
দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন বিশিষ্ট কণ্ঠশিল্পী রবি চৌধুরী, মুহিন খান, শওকত আলী ইমন, রিমি, অভিনেত্রী রিনা খান, শাহ হুমাইরা সুবহা, শিমলা, সংগীতশিল্পী বিপাশা ইয়াসমিন, মিমি আলাউদ্দিন, নায়ক শাহেদ এবং উপস্থাপিকা জান্নাতুল ফেরদৌস তুলি। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নাজমুল আবেদীন মোহন এবং সাংস্কৃতিক উপ-কমিটির সমন্বয়ক বিশিষ্ট সাহিত্যিক ও গীতিকবি ড. মানব সুরত।
প্রচারণার অংশ হিসেবে সংগীত পরিবেশনা, সংক্ষিপ্ত সাংস্কৃতিক আয়োজন এবং সরাসরি জনসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে নির্বাচনি বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করেছে। অনেকেই শিল্পীদের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনি আলোচনায় অংশ নিয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, সংস্কৃতিভিত্তিক প্রচারণা মানুষের কাছে দ্রুত সাড়া ফেলে এবং সহজে গ্রহণযোগ্যতা তৈরি করে। এই কারণেই নির্বাচনের সময় এ ধরনের উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই সাংস্কৃতিক সম্পৃক্ততা বাড়িয়ে মাঠে থাকার পরিকল্পনা রয়েছে এবং আগামী দিনগুলোতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।
বিআলো/তুরাগ



