নতুন প্রজন্মের মুখ রোশান খান, চোখে চলচ্চিত্রের স্বপ্ন
পড়াশোনা ও শোবিজ—দুই জগতের সমান্তরাল পথচলা
হৃদয় খান: মঞ্চের আলোয় প্রথম দাঁড়িয়েই যেন নিজের পথ চিনে নিয়েছিলেন রোশান খান। স্কুলজীবনের সেই ছোট্ট শুরু আজ তাকে নিয়ে এসেছে শোবিজের বিস্তৃত অঙ্গনে। চোখে বড় পর্দার স্বপ্ন, মনে অদম্য আত্মবিশ্বাস—নতুন প্রজন্মের এই মুখ ধীরে ধীরে তৈরি করছেন নিজের আলাদা পরিচয়।
রোশানের শোবিজে পথচলা শুরু হয় ২০১৭ সালে, যখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী। জয়পুরহাট শিল্পকলা একাডেমির একটি মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে প্রথমবার দর্শকের সামনে আসেন তিনি। মঞ্চের সেই অভিজ্ঞতাই তার মনে অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা তৈরি করে। এরপর থেকে নিয়মিত অনুশীলন, নাট্যচর্চা ও আত্মপ্রস্তুতির মাধ্যমে নিজেকে গড়ে তোলার যাত্রা শুরু করেন।
শিক্ষাজীবনে তিনি ছিলেন মনোযোগী ও লক্ষ্যনিষ্ঠ। ঢাকা কলেজে পড়াশোনা শেষে বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত রয়েছেন। পড়াশোনার পাশাপাশি শোবিজ অঙ্গনে সক্রিয় থাকা সহজ নয়, তবু সময়ের সঠিক ব্যবস্থাপনা ও দৃঢ় মানসিকতার মাধ্যমে দুই ক্ষেত্রেই ভারসাম্য রেখে এগিয়ে চলেছেন তিনি।
২০২২ সাল থেকে নিয়মিতভাবে মিডিয়ার সঙ্গে যুক্ত হন রোশান খান। ইতোমধ্যে তার একাধিক মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। পাশাপাশি বিভিন্ন ফটোশুট ও র্যাম্প শোতেও কাজ করছেন তিনি। ক্যামেরার সামনে তার স্বাভাবিক উপস্থিতি ও আত্মবিশ্বাস নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করছে। সামনে ঈদ উপলক্ষে তার নতুন একটি মিউজিক ভিডিও মুক্তির অপেক্ষায় রয়েছে, যা নিয়ে তিনি আশাবাদী।
রোশানের আগ্রহ মূলত রোমান্টিক ও সামাজিক ঘরানার গল্পে কাজ করার প্রতি। তিনি বিশ্বাস করেন, এমন গল্প মানুষের আবেগ স্পর্শ করে এবং সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে সহায়ক হয়। ভবিষ্যতে চলচ্চিত্রে নিজেকে একজন সফল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন তিনি। অভিনয়ের প্রতি নিষ্ঠা, ধারাবাহিক শেখা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই তিনি সেই লক্ষ্য অর্জন করতে চান।
নতুন প্রজন্মের এই উদীয়মান মুখ মনে করেন, সাফল্যের পেছনে প্রয়োজন ধৈর্য ও নিয়মিত চর্চা। প্রতিটি কাজ থেকে অভিজ্ঞতা নিয়ে নিজেকে আরও পরিণত করে তুলতে চান রোশান খান। দীর্ঘ পথচলার প্রত্যাশা নিয়ে দৃঢ় আত্মবিশ্বাসে এগিয়ে যাচ্ছেন তিনি—চোখে তার চলচ্চিত্রের বড় স্বপ্ন।
বিআলো/তুরাগ



