নবম পে-স্কেলে এমপিও শিক্ষকদের বেতন বাড়বে
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়বে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে সুযোগ-সুবিধার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের সঙ্গে বৈষম্য থেকেই যাচ্ছে।
অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের একাধিক সদস্য জানিয়েছেন, সরকারি বেতন কাঠামোর আওতায় যারা বেতন পান, নতুন পে-স্কেল অনুমোদিত হলে তাদের বেতন স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। এমপিওভুক্ত শিক্ষকরা সরকার থেকে অনুদান হিসেবে বেতন পেলেও নতুন কাঠামোর আওতায় মূল বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
শিক্ষা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নবম পে-স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতন শতভাগ পর্যন্ত বাড়তে পারে। ফলে বৈশাখী ভাতা ও উৎসব ভাতাও বাড়বে। তবে বাড়িভাড়া ভাতা থাকবে মাত্র ১৫ শতাংশ, যেখানে সরকারি চাকরিজীবীরা পান ৪৫ থেকে ৬০ শতাংশ।
চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, বিনোদন ভাতা ও শিক্ষা ভাতার ক্ষেত্রেও এমপিও শিক্ষকদের বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে তারা চিকিৎসা ভাতা পান ৫০০ টাকা, যা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বাড়িয়ে ৪ হাজার থেকে ১০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। এসব কারণে এমপিও শিক্ষকরা বেতন বাড়লেও পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা না পাওয়ার শঙ্কায় রয়েছেন।
বিআলো/শিলি



