নরসিংদীকে আধুনিক-মানবিক জেলা গড়ার প্রত্যয়ে খায়রুল কবির খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা
হলধর দাস, নরসিংদী : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীকে আধুনিক ও মানবিক জেলা গড়ার প্রত্যয়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। নরসিংদী-১ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
রবিবার দুপুরে নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার তুলে ধরেন। খায়রুল কবির খোকন তার ইশতেহারে নরসিংদীকে একটি আধুনিক, মানবিক ও পরিকল্পিত জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, নির্বাচিত হলে তার প্রধান লক্ষ্য হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি উন্নত ও বাসযোগ্য শহর নিশ্চিত করা।
শিক্ষা খাতের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ কারিগরি ও প্রযুক্তি শিক্ষার সুযোগ ব্যাপকভাবে বৃদ্ধি করা হবে এবং বেকারত্ব দূর করতে যুবকদের স্বাবলম্বী করার লক্ষে নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা হবে। স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে নরসিংদীতে একটি মেডিক্যাল কলেজ স্থাপন ও আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা বলেন তিনি।
মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়। এছাড়া কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ সহায়তা এবং গত জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের সুচিকিৎসা ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের বিষয়টির ওপরও গুরুত্ব দেন তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে খায়রুল কবির খোকন বলেন, আমি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ নরসিংদী গড়তে চাই।
এই লক্ষ্য বাস্তবায়নে তিনি আগামী নির্বাচনে ভোটারদের ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি জলিল, একেএম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা



