নির্বাচনী জনসভায় আজ সিরাজগঞ্জে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: প্রায় ২০ বছর পর আজ শনিবার সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।
দুপুর ২টার দিকে রংপুর থেকে ঢাকায় ফেরার পথে বিসিক শিল্প পার্ক এলাকায় অনুষ্ঠিত এই জনসভায় অংশ নেবেন তারেক রহমান। সভা মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।
এই কর্মসূচি ঘিরে সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। জনসভাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে বড় পরিসরের মঞ্চ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে সভাস্থল পরিদর্শন করেছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু জানান, দীর্ঘদিন পর তারেক রহমানের আগমন নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি করেছে এবং রেকর্ডসংখ্যক মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সর্বশেষ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান।
বিআলো/শিলি



