নির্বাচন সামনে রেখে কক্সবাজারে সেনাবাহিনীর কড়া নজরদারি
এক মাসে ৬১ যৌথ অভিযান: গ্রেপ্তার ৮০, উদ্ধার অস্ত্র–মাদক–জাল নোট
মো. আমিন উল্লাহ, কক্সবাজার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে কক্সবাজার অঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিয়মিত টহল ও যৌথ অভিযান জোরদার করা হয়েছে। এসব অভিযানে গত এক মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের কথা জানিয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রামু ১০ পদাতিক ডিভিশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে ১০ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল ফাইয়াজ মোহাম্মদ আকবর জানান, সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সন্ত্রাসী ও অপরাধমূলক অপতৎপরতা দমন, গুজব ও সহিংসতা প্রতিরোধ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনগণের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, এরই অংশ হিসেবে গত ১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বিভিন্ন এলাকায় সর্বমোট ৬১টি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং সদস্য, চোরাকারবারি ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ৮০ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ১৯টি বিভিন্ন ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র, ১০০টি বিভিন্ন ধরনের গুলি এবং ৯৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি একটি ড্রোন, একটি ওয়াকিটকি, ১৩ লাখ টাকার জাল নোটসহ বিভিন্ন নাশকতা সৃষ্টিকারী সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এছাড়াও উদ্ধার করা হয় ৬ হাজার ২০১টি ইয়াবা, ৫৪১ লিটার দেশীয় মদ, ২৩ লিটার বিয়ার এবং ৬ কেজি গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ও মাদক সেবনের সরঞ্জামাদি।
লে. কর্নেল ফাইয়াজ মোহাম্মদ আকবর আরও জানান, যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনের ফলে আতঙ্কিত স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন নিশ্চিত করতে নিয়মিত টহল ও যৌথ অভিযান আরও বেগবান করা হবে।
তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে জনগণ যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে রামু ১০ পদাতিক ডিভিশন অসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে।
বিআলো/তুরাগ



