পদ্মা সেতুর নিচে গোসলে নেমে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নাইমের (২২) মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পদ্মা সেতুর ৪নং পিলারের ৫০০ ফুট উত্তরে নদীর তলদেশ থেকে মরদেহটি উদ্ধার হয়। এর আগে গত শনিবার (৩১ জানুয়ারি) বিকালে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই ছাত্র।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এমআইএসটির ১৮ জন শিক্ষার্থী ট্রলার নিয়ে পদ্মা নদীতে ঘুরতে বের হয়। এসময় সেতুর ৪নং পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই শিক্ষার্থী।
খবর পাওয়ার পর থেকে নদীতে টানা উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। পরে সোমবার দুপুরে মরদেহটি পাওয়া যায়। নিহত নাইমের বাড়ি নাটোর জেলায়। তার মরদেহ এমআইএসটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার কর্মকর্তা।
বিআলো/আমিনা



