পাকিস্তানের ক্রিকেট সিদ্ধান্ত তাদের নিজস্ব বিষয়: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ কোনোভাবেই বিচলিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তিনি বলেন, এ বিষয়ে প্রতিটি দেশের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের ক্রিকেট খেলার সিদ্ধান্ত তাদের নিজস্ব বিষয় এবং এতে বাংলাদেশের বিচলিত হওয়ার কিছু নেই। রোববার রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, পাকিস্তান কখনোই স্পষ্টভাবে বলেনি যে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না। তারা কেবল বিষয়টি বিবেচনার কথা বলেছে। অন্যদিকে বাংলাদেশ সেখানে খেলবে না, এটি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। পাকিস্তান খেলবে কি না, সেটিও তাদের একান্ত নিজস্ব ব্যাপার।
এ সময় আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা করছেন তিনি। তার ভাষায়, ১৯৯১ সালের নির্বাচনে ভোট পড়েছিল ৫৫ শতাংশ। এবার সেই হার আরও বাড়বে বলে তার বিশ্বাস।
তিনি বলেন, ভোট দেওয়া নিয়ে কিছু দ্বিধা থাকলেও বড় রাজনৈতিক দলগুলো যেহেতু ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, তাই ভোটগ্রহণে মানুষের অংশগ্রহণ সহজ হবে বলে তিনি মনে করেন।
বিআলো/শিলি



