পূর্বাচল প্লট মামলায় শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার বিশেষ জজ-৪ আদালত পৃথক দুই মামলার রায়ে শেখ হাসিনার পাশাপাশি তার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানার ছেলে ও মেয়েকে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেওয়া হয়।
গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এসব অনিয়মের অভিযোগে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের একাধিক সাবেক ও বর্তমান কর্মকর্তা।
বিআলো/শিলি



