প্রচারণার শেষ দিনে বিএনপি প্রার্থী শামীম কায়সার লিংকনের উঠান বৈঠক
তৌফিকুল ইসলাম মহন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচনী প্রচারণার শেষ দিনে কোচাশহর ইউনিয়নে একাধিক উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি ভোটারদের উদ্দেশ্যে তার নির্বাচনী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে গাইবান্ধা-৪ আসন মৌলিক উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। তার প্রতিশ্রুতির মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণ যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তবে তিনি এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা আশাবাদী যে এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ শামীম কায়সার লিংকন বিপুল ভোটে বিজয়ী হবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
উঠান বৈঠকে কোচাশহর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান জহরুল হক জাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক কবির আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
বিআলো/আমিনা



