বাংলাদেশ না থাকায় বিশ্বকাপে টিকিট বিক্রিতে ধস
স্পোর্টস ডেস্ক: ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় টুর্নামেন্টের দর্শক আগ্রহে বড় ধস নেমেছে। এর প্রভাব স্পষ্টভাবে পড়েছে টিকিট বিক্রিতে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপপর্বে বাংলাদেশের নির্ধারিত ম্যাচগুলো না থাকায় বিশেষ করে কলকাতায় দর্শকদের আগ্রহ কমে গেছে। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড অংশ নেওয়ায় স্থানীয় ক্রিকেটপ্রেমীরা ম্যাচগুলোতে আগ্রহ দেখাচ্ছেন না।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বাইরে টিকিট কাউন্টারগুলো প্রায় ফাঁকা পড়ে আছে। বিশ্বকাপের মতো আসরে এমন দৃশ্য আগে দেখা যায়নি।
উদ্বোধনী দিনে ইডেনে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড ম্যাচের জন্য মাত্র ২,৯১৭টি টিকিট বিক্রি হয়েছে, যেখানে স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬৫ হাজার। এছাড়া ইংল্যান্ড-ইতালি ও ওয়েস্ট ইন্ডিজ-ইতালি ম্যাচের টিকিট বিক্রিও ছিল হতাশাজনক।
এই পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন, বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আইসিসির জন্য ভুল প্রমাণিত হচ্ছে।
বিআলো/শিলি



