বাউফলে ভোট-পরবর্তী সৌজন্যে নতুন দৃষ্টান্ত: প্রতিদ্বন্দ্বীর বাসায় গেলেন নবনির্বাচিত এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
মোঃ তরিকুল ইসলাম (মোস্তফা), বাউফল (পটুয়াখালী): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার পর দেখা গেল ভিন্ন এক চিত্র। নির্বাচনের উত্তাপ পেরিয়ে সৌজন্য ও সহমর্মিতার অনন্য নজির স্থাপন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
নির্বাচনের ফল ঘোষণার প্রায় ২৪ ঘণ্টা পর (১৩ফেব্রুয়ারি)শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের নাজিরপুরের নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে ছিল ফুলের মালা ও মিষ্টি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পরেও মানবিক সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবে এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক ধুলিয়া ইউপি চেয়ারম্যান তসলিম তালুকদার, পরিবারের সদস্য এবং কয়েকজন স্থানীয় সাংবাদিক। শুরুতে অতিথি কক্ষে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের অভিজ্ঞতা এবং এলাকার উন্নয়নসহ ভবিষ্যৎ করণীয় নিয়ে তারা খোলামেলা মতবিনিময় করেন।
পরে একে অপরকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। মিষ্টিমুখের মাধ্যমে ভাগাভাগি করেন নির্বাচন-পরবর্তী সৌহার্দ্যের বার্তা। উপস্থিত সবার কাছে মুহূর্তটি ছিল ব্যতিক্রমধর্মী—যেখানে প্রতিদ্বন্দ্বিতার জায়গা ছেড়ে দিয়েছে পারস্পরিক সম্মান ও সহনশীলতা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে অংশ নিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বেসরকারিভাবে নির্বাচিত হন। ১১৫টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী তিনি পেয়েছেন ৯৯ হাজার ৪৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদার পান ৭২ হাজার ১৯১ ভোট। ২৬ হাজার ২৪৭ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন ড. মাসুদ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং গণতান্ত্রিক সংস্কৃতির ইতিবাচক চর্চা। মতভেদ ও প্রতিযোগিতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকলে তা স্থানীয় রাজনীতিতে স্থিতিশীলতা ও সহনশীলতার বার্তা দেয়।
বিআলো/এফএইচএস



