বাগেরহাটে আগুনে ১৩টি কাপড়ের দোকান পুড়ে ছাই
মাসুম হাওলাদার, বাগেরহাট : বাগেরহাট শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে আগুনের সূত্রপাত হয়। এতে মার্কেটের অন্তত ১৩টি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
পাশাপাশি একটি ডায়াগনস্টিক সেন্টার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে তারা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানগুলোতে থাকা কাপড়সহ সব মালামাল পুড়ে যাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। একজন ব্যবসায়ী বলেন, আগুনে আমাদের দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি।
কিভাবে আবার ব্যবসা শুরু করব বুঝতে পারছি না আগুন লাগার সময় মার্কেট বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
বিআলো/আমিনা



