বান্দরবানের ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
বান্দরবান প্রতিনিধি : বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনের মোট ১৮৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অত্যন্ত দুর্গম এলাকার ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তা ও নির্বাচনী সরঞ্জাম পাঠানোর জন্য হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বিষয়টি নিশ্চিত করেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা এবং ভোটার বিন্যাস বিবেচনা করে জেলার ৭টি উপজেলার ১৫৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এর মধ্যে রোয়াংছড়ির রনিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; রুমার পাকনিয়ার পাড়া ও চিংলক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; থানচির রদলিয়ান পাড়া, রেমাক্রী বাজার, বড় মদক, ছোট মদক বাজার, তিন্দু গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চাইথোয়াইহ্লা কারবারী পাড়া ও জিন্না পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়;
এবং আলীকদমের কমচঙ ইয়ুংছা মাওরুম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১১টি কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে সরঞ্জাম আনা-নেওয়া করা হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম জানান, নিরাপত্তা নিশ্চিত করতে এসব কেন্দ্রে বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।
উল্লেখ্য, ৭টি উপজেলা ও ২টি পৌরসভা নিয়ে গঠিত বান্দরবান ৩০০ নম্বর আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৬৭ জন। বৈচিত্র্যময় এই আসনে ১২টি নৃ-গোষ্ঠী ও বাঙালি সম্প্রদায়ের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিআলো/আমিনা



