বিএনপি প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
গাজীপুর-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
মো. মনির হোসেন, গাজীপুর : গাজীপুর-৫ (কালিগঞ্জ-পুবাইল-বাড়িয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের স্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি গত রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কালিগঞ্জ উপজেলার চুপাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে চলমান পাঠদানের সময় প্রবেশ করে নির্বাচনী প্রচারণামূলক বক্তব্য দেন।
ফলে পাঠদান ব্যাহত হয় এবং শিক্ষক-শিক্ষার্থীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। স্থানীয় সূত্রের দাবি, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রচারণা চালানো নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ঘটনায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং অভিভাবক, সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের মতে, শিক্ষাঙ্গনকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখা জরুরি। অন্যথায় শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর এলাকাবাসী প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। সচেতন মহলের অভিমত, নির্বাচনের সময় প্রার্থীদের পাশাপাশি তাদের ঘনিষ্ঠজনদেরও আচরণবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় নির্বাচনী পরিবেশ প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বিআলো/আমিনা



