বিদেশে কর্মসংস্থান, অর্থনৈতিক পুনর্গঠন ও রাজনৈতিক আস্থার বার্তা নিয়ে রাজধানীতে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দেশ পুনর্গঠনের প্রত্যয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির রাজনীতি প্রতিহিংসার নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলার রাজনীতি।
সোমবার রাজধানীর বনানী কামাল আতাতুর্ক মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ঢাকা–১৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বনানী এলাকার সঙ্গে নিজের গভীর পারিবারিক ও আবেগী সম্পর্কের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এই এলাকাতেই তাঁর ও তাঁর ভাইয়ের বেড়ে ওঠা এবং জন্ম। এখানেই তাঁদের পরিবার গড়ে উঠেছে এবং সন্তানদের জন্ম হয়েছে। ফলে বনানীর মানুষের সঙ্গে তাঁদের সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং মানসিক ও আত্মিক বন্ধনে আবদ্ধ।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও জীবনের দীর্ঘ সময় এই এলাকাতেই কাটিয়েছেন। সে কারণেই বনানীর মানুষের সঙ্গে তাঁদের পরিবারের সম্পর্ক বিশ্বাস ও আবেগের জায়গায় দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত।
নির্বাচনকে কেন্দ্র করে জনগণের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেড়ে যায় উল্লেখ করে তারেক রহমান বলেন, একটি বড় ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনগণের সেই প্রত্যাশার প্রতি শ্রদ্ধাশীল। মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই বিএনপির মূল রাজনৈতিক অঙ্গীকার।
বিদেশে কর্মসংস্থানে আগ্রহী তরুণদের বিষয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে বিদেশে যেতে ইচ্ছুকদের জন্য স্বল্পসুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে। এর ফলে দালালনির্ভরতা কমবে এবং নিরাপদ ও বৈধ অভিবাসনের সুযোগ বাড়বে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তারেক রহমান বলেন, বিএনপি তরুণ সমাজকে দেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখে। তরুণদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করাই দলের লক্ষ্য, যাতে তারা হতাশ না হয়ে আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে পারে।
জনসভা শেষে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিআলো/তুরাগ



