‘ব্রি অর্গানিক ফার্টিলাইজার’ উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে ব্রি এবং এসিআই এর মধ্যে এমওইউ স্বাক্ষরিত
মো. মনির হোসেন, গাজীপুর : ‘ব্রি অর্গানিক ফার্টিলাইজার’ উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) ব্রি সদর দপ্তরে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তিতে ব্রির পক্ষে মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান এবং এসিআই এর পক্ষে গ্রুপ অ্যাডভাইজার ড. ফা হ আনসারী স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম, ব্রি বিজ্ঞানী সমিতির সভাপতি ড. মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুলসহ সংশ্লিষ্ট বিজ্ঞানীগণ এবং এসিআই এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর (ফার্টিলাইজার) মো. বশির আহমদ।
অনুষ্ঠানে ব্র্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ‘ব্র্রি অর্গানিক ফার্টিলাইজার’ উৎপাদন প্রযুক্তি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি-এর কাছে হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, এসিআই পিএলসির মাধ্যমে এই সার দেশব্যাপী কৃষকদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে এবং ব্র্রি অর্গানিক সারের সর্বোচ্চ মান বজায় থাকবে।
এই সার ধান উৎপাদনের খরচ কমিয়ে কৃষকদের আর্থিকভাবে আরও লাভবান করবে। ব্রির মৃত্তিকা বিজ্ঞান বিভাগ পরিবেশ বান্ধব ১০টি ব্যাকটেরিয়া, বাজারের কাঁচা শাক-সবজির অবশিষ্টাংশ, রান্নাঘরের পচনশীল বর্জ্য পদার্থ, রক ফসফেট (শতকরা ৫ ভাগ) ও বায়োচার (শতকরা ১৫ ভাগ) মিশিয়ে ব্রি অর্গানিক ফার্টিলাইজার উদ্ভাবন করেছে।
বিআলো/আমিনা



