ভূঞাপুরে চাঁদাবাজদের পনের দিনের আল্টিমেটাম দিলেন এমপি আব্দুস সালাম পিন্টু
তারিকুল ইসলাম শিপন: টাঙ্গাইলের ভূঞাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনজীবনে স্বস্তি ফেরাতে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। তিনি স্পষ্ট করে বলেছেন, ভূঞাপুরে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস বা দখলবাজির স্থান হবে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তারা স্বেচ্ছায় সরে দাঁড়ান। পনের দিনের মধ্যে অপকর্ম বন্ধ না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনোত্তর সময়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এসে দলীয় কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন। বক্তব্যে তিনি আরও বলেন, ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে নিজেদের কাজ চালাতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
তিনি সতর্ক করে জানান, জয়ী কিংবা পরাজিত-কোনো পক্ষের নেতাকর্মী যাতে কারও বাড়িঘর বা ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এ ঘোষণাকে স্বাগত জানান। অনেকেই আশা প্রকাশ করেন, কঠোর অবস্থান বাস্তবায়িত হলে দীর্ঘদিনের চাঁদাবাজির দৌরাত্ম্য কমে এসে এলাকায় স্বস্তি ফিরবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নবনির্বাচিত এমপির এমন কড়া বার্তা এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে কার্যকর বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ভূঞাপুর–গোপালপুর আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়ে আব্দুস সালাম পিন্টু ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর এলাকায় আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সমর্থকদের ভাষ্য, এই বিজয় জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন।
নবনির্বাচিত এমপি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই বিজয় ভূঞাপুর-গোপালপুরের মানুষের। সবার সহযোগিতায় এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করবো।
বিশ্লেষকদের মতে, বড় ব্যবধানে পাওয়া এই ভোট ভবিষ্যৎ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
বিআলো/এফএইচএস



