মহম্মদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই
মো. শফিকুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) : মাগুরা মহম্মদপুর উপজেলার সদর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সবচাইতে বড় ক্ষতি হয়েছে নিউ পোশাকের হাট গার্মেন্টসের দোকানে যেখানে ১২ থেকে ১৪ লাখ টাকার পোশাক পুড়ে গেছে। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শুক্রবার রাতে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে বাজারে আতঙ্কের সৃষ্টি হয়। সংবাদ পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে মহম্মদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের লিডার মো. শফিউল আলমের নেতৃত্বে দমকল বাহিনী এবং স্থানীয়রা মিলিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কাজী মহব্বত হোসাইনের নিউ পোশাকের হাট গার্মেন্টস, হুমায়নের মুদির দোকান, উত্তম বৈরাগীর মিষ্টির দোকান। এছাড়া পাশের আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউ পোশাকের হাট গার্মেন্টসের মালিক কাজী মহব্বত হোসাইন দাবি করেন, তার ব্যবসার সম্পূর্ণ মালপত্র পুড়ে গেছে।
তিনি জানান, ব্র্যাক ব্যাংক থেকে পাঁচ লাখ ও কৃষি ব্যাংক থেকে চার লাখ টাকা লোন নিয়ে ব্যবসা চালাতেন। এখন দোকান পুড়ে যাওয়ায় তিনি অর্থনৈতিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাজী মহব্বত হোসাইন বলেন, আমার ব্যবসার সম্পূর্ণ মাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি নিঃস্ব হয়ে গেছি। চলার উপায় নেই।
প্রতিমাসে লোন পরিশোধ করতাম। এখন সেই দায় মেটানোও সম্ভব নয়।অগ্নিকাণ্ডের কারণে বাজার এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের আগমনে দ্রুত উদ্ধার ও নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও ব্যবসায়ীরা বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন।
বিআলো/আমিনা



