যমুনার সামনে সংঘর্ষে আহত ৬০, নেই গুলিবিদ্ধ রোগী
নিজস্ব প্রতিবেদক: যমুনার সামনে ইনকিলাব মঞ্চের বিক্ষোভে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ৬০ জন। তবে গুলি বা পিলেটে আহত কোনো রোগী পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আহতদের অধিকাংশই লাঠির আঘাতে জখম হয়েছেন।
তিনি জানান, আহতদের মধ্যে প্রায় ৩০ জনের শরীরে বাহ্যিক আঘাত রয়েছে। মাথা, মুখ, পা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাশাপাশি টিয়ারশেলের কারণে অনেকের শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়, যাদের অক্সিজেন দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঢামেক পরিচালক আরও বলেন, এখন পর্যন্ত কাউকে ভর্তি করা হয়নি। প্রয়োজনীয় চিকিৎসক ও নার্সের কোনো ঘাটতি নেই। তবে রোগীর সঙ্গে অতিরিক্ত লোক আসায় চিকিৎসা কার্যক্রমে কিছুটা সমস্যা হচ্ছে।
শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে ইনকিলাব মঞ্চ যমুনা এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করে। শুক্রবার দুপুরে ব্যারিকেড ভেঙে মিছিল এগোলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
এ ঘটনায় আন্দোলনকারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েকজন সাংবাদিক আহত হন। অন্তর্বর্তী সরকার বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মতান্ত্রিকভাবেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিআলো/শিলি



