যমুনা ইউরিয়া সার উৎপাদন বন্ধ
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় ইঁদুরের কামড়ে বৈদ্যুতিক তার কেটে যাওয়ার ঘটনায় পুরো কারখানা অচল হয়ে পড়েছে। বন্ধ রয়েছে ইউরিয়া সার উৎপাদন বন্ধ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে কারখানার পাওয়ার প্লান্টে শর্ট সার্কিট হয়ে হঠাৎ ব্ল্যাকআউট দেখা দিলে বন্ধ হয়ে যায় ইউরিয়া উৎপাদন। কারখানা থেকে জানা যায়, রাত ১টার দিকে পাওয়ার প্লান্টের বৈদ্যুতিক লাইনে ইঁদুর ঢুকে তার কেটে দিলে শর্ট সার্কিট হয়।
সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং উৎপাদন প্রক্রিয়া থেমে যায়। বিষয়টি নিশ্চিত করে কারখানার জিএম অপারেশন মো. ফজলুল হক বলেন, মধ্যরাতে পাওয়ার প্লান্টে ইঁদুর ঢুকে তার কেটে দিলে শর্ট সার্কিট হয়ে পুরো কারখানায় ব্ল্যাকআউট হয়। দ্রুত মেরামত কাজ চলছে। কাজ শেষ হলে উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা করছি।
দীর্ঘ ২৩ মাস কারখানায় তীব্র গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ থাকার পর ২৪ নভেম্বর ২০২৫ গ্যাস সংযোগ পেয়ে উৎপাদন শুরু হলেও কখনো গ্যাস চাপ কমে যাওয়ায়, কখনও প্রযুক্তিগত ত্রুটিতে উৎপাদন থেমেছে। এবার নতুন যুক্ত হলো ইঁদুরের উপদ্রব। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হওয়া যমুনা সার কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ১৭০০ মেট্রিকটন। বর্তমানে এর বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৪২ হাজার টন।
বিআলো/আমিনা



