যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৮ হাজার টন গম চট্টগ্রামে
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। সরকার-টু-সরকার (জি টু জি) চুক্তির আওতায় গম বহনকারী এমভি ডব্লিউএফ আর্টেমিস জাহাজটি শনিবার বন্দরে আসে।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত জি টু জি-০২ চুক্তির আওতায় এ গম আমদানি করা হচ্ছে।
চুক্তি অনুযায়ী মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে এটি তৃতীয় চালান। জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং পরীক্ষা শেষে দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে একই চুক্তির আওতায় প্রথম ও দ্বিতীয় চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। এছাড়া জি টু জি-০১ চুক্তির আওতায় ইতোমধ্যে আরও ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি সম্পন্ন হয়েছে।
বিআলো/শিলি



