যুক্তরাষ্ট্র হামলা করলে তাৎক্ষণিক জবাব দেবে ইরান: সেনা মুখপাত্র
আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হামলার জবাব হবে দ্রুত, কঠোর ও বিলম্বহীন এমন সতর্কবার্তা দিয়েছে ইরানি সেনাবাহিনী।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, শত্রুপক্ষ ভুল হিসাব করলে সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিক্রিয়া জানানো হবে।
পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি ও ট্রাম্পের সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষাপটে এই বক্তব্য দেন তিনি। তার অভিযোগ, নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে ‘হাইব্রিড যুদ্ধ’ চালাচ্ছে।
গত বছরের ইসরাইল-ইরান সংঘর্ষের উদাহরণ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছিল। ভবিষ্যতে কোনো হামলা হলে ইরানের সশস্ত্র বাহিনী বাস্তব সময়েই জবাব দেবে বলেও জানান তিনি।
আকরামিনিয়ার দাবি, বর্তমানে ইরানের স্থল, নৌ ও বিমানবাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।
বিআলো/শিলি



