রাজবাড়ীতে কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা
সোহেল রানা চৌধুরী, রাজবাড়ী : সোমবার সন্ধ্যার পর থেকে গত মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোরের মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। মন্দির কমিটি সূত্রে জানা গেছে, ছাদযুক্ত পাকা মন্দিরটিতে মাটির তৈরি কালীপ্রতিমা ছিল। বিকেলে মমতা বর্মন নামের এক নারী মন্দিরে গিয়ে কালীপ্রতিমা, শিব, সর্প ও ডাকিনী-যোগিনীর মুখের অংশ বিকৃত অবস্থায় দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে মন্দির কমিটির নেতা ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে জড়ো হন।
পরে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ও পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাঈনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পাংশা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাস বলেন, শ্মশানের মন্দির হওয়ায় কোনো পাহারাদার থাকে না, সিসি ক্যামেরাও নেই।
এ সুযোগে দুর্বৃত্তরা মন্দিরের বাইরে থেকে বড় বাঁশ কিংবা লোহার কিছু দিয়ে প্রতিমার মুখ বিকৃত করে দিয়েছে। আগে কখনো এখানে এমন ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, যুগ যুগ ধরে এ অঞ্চলের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে বসবাস করছেন। একটি স্বার্থান্বেষী মহল ভ্রাতৃত্বের সম্পর্ক বিনষ্ট করতে এ কাজ করেছে। সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
পুলিশ তথ্য সংগ্রহ করছে এবং মামলার প্রস্তুতি চলছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে পুলিশ। শ্মশান কমিটির সঙ্গে কথা হয়েছে। নির্বাচন সামনে রেখে একটি গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। কোনো দুষ্কৃতিকারীকে ছাড় দেওয়া হবে না।
বিআলো/আমিনা



