সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ড. জোবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক: ভেদাভেদ নয়, সমতা ও সবার জন্য সমান সুযোগ—এই নীতিতেই রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় এমনটাই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের স্ত্রী ড. জোবাইদা রহমান।
ভেদাভেদের আগে সমতা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড. জোবাইদা রহমান। তিনি বলেন, “আপনাদের সমস্যা অনেক, আমাদের সবারই সমস্যা আছে। কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।”
সোমবার (৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জোবাইদা রহমান বলেন, বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন সময় এসেছে গৌরবের নতুন সূর্যোদয়ের। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।”
তিনি আরও বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শ্রমের মর্যাদা থাকবে, মেধার যথাযথ মূল্যায়ন হবে এবং মেধাভিত্তিক চাকরি নিশ্চিত করা হবে। “শোষণের আগে অধিকার—এই নীতিতেই আমরা বিশ্বাস করি,” যোগ করেন তিনি।
ড. জোবাইদা রহমান বলেন, বিএনপি এমন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে কাজ করছে যেখানে নেতার আগে থাকবে জনতা। “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”—এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজকের উপস্থিতি প্রমাণ করে জনগণ একসাথেই আছে। “আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদের জানিয়েছেন। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আরও শুনবো, আরও জানবো,” বলেন তিনি।
তিনি বলেন, জনগণের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সমস্যার সুষ্ঠু সমাধানের মাধ্যমে একটি সুন্দর, সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়াই বিএনপির লক্ষ্য।
মতবিনিময় সভায় ঢাকা-১৭ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা-১৭ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিআলো/তুরাগ



