সরাইলে নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
dailybangla
12th Feb 2026 3:57 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্বাচনে দায়িত্ব পালনরত অবস্থায় এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল জেলা পরিষদ অডিটোরিয়াম ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম মো. মুজাহিদুল ইসলাম হাবিব (৪৮)। তিনি সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের গোলাম মাওলার ছেলে। পেশায় তিনি সরাইল উপজেলার পানিশ্বর ইসলামি ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ জানান, নির্বাচনের দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজাহিদুল ইসলাম হাবিব। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্রোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে মারা গেছেন।
বিআলো/এফএইচএস



