সাঁথিয়ায় ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
এসএম আলমগীর চাঁদ, পাবনা : পাবনার সাঁথিয়ায় নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাঁথিয়ায় কর্মরত সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে চলমান কর্মসূচির অংশ হিসেবে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে গত মঙ্গলবার দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া উপজেলা পরিষদের সামনে উপজেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলামের সভাপতি কে এবং সহ-সভাপতি জসীমউদ্দীন ও সাইফুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক, বোয়ালমারী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আব্দুল্লাহ, সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন রানা,
জোড়গাছা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এম এ হাই, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হান্নান, সালভর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রিপন, সাঁথিয়া সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, ইসমাইল হোসেন কিরণ,
আনিসুর রহমান লিটন, ডাক্তার আব্দুল্লাহ আল হাদী, কেন্দ্রীয় কমিটির সদস্য ফার্মাসিস্ট রাসেল আহমেদ সোহাগ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আরিফা আঞ্জুমান আরা প্রমুখ। সমাবেশে বক্তারা উল্লেখ করেন, ২১ জানুয়ারি কমিশন রিপোর্ট জমা দিলেও অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে কমিটি গঠনের মাধ্যমে কালক্ষেপণ করছেন।
৬ তারিখের আগে প্রজ্ঞাপন জারি না হলে ৬ তারিখের মহাসমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান তারা। এ সময় এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষক, কর্মচারী এবং বিভিন্ন দপ্তরের কর্মচারী কর্মকর্তারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিআলো/আমিনা



