সুন্দরবনে দুই হরিণ শিকারী আটক, ফাঁদসহ ট্রলার জব্দ
মাসুম হাওলাদার, বাগেরহাট : বাগেরহাটের পুর্ব-সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারন্যের বেতমোর নদীতে একটি ট্রলার ও হরিণ শিকারের ফাঁদসহ দুই শিকারীকে আটক করেছে বনরক্ষীরা।
রবিবার ভোররাতে আটক দুই হরিণ শিকারীর ট্রলারে তল্লাশী চালিয়ে ৫০০ ফুট হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে। আটক দুই চোরা শিকারী হলো, বরগুনার তালতলী উপজেলার সকিনা গ্রামের আ. মালেক আকন (৬০) ও আ. কালাম হাওলাদার (৫৫)। আটক দুই শিকারীকে রবিবার বিকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা রবিবার ভোর রাতে কটকা অভয়ারন্য এলাকার বেতমোর নদীতে নিয়মিত টহলের সময় একটি ট্রলার আটক করে।
ট্রলারে তল্লাশি চালিয়ে ৫০০ ফুট হরিণ শিকারের ফাঁদ জব্দ করেন। ট্রলারের পাটাতন রক্তে মাখা দেখতে পান বনরক্ষীরা। শিকারীরা সুন্দরবনে হরিণ শিকার করে ফিরে আসার সময় বনরক্ষীদের দেখতে পেয়ে তারা রাতের আঁধারে হরিণের মাংস নদীতে ফেলে দেয় বলে ধারনা করা হয়। এদের বিরুদ্ধে মামলা দিয়ে রবিবার বিকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
বিআলো/আমিনা



