স্বামীকে নিয়ে আবেগী বার্তায় শবনম ফারিয়া
বিনোদন ডেস্ক: দ্বিতীয় বিয়ের পর সংসার জীবনের অভিজ্ঞতা ও অনুভূতির কথা সামাজিকমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। স্বামী তানজিম তৈয়বের দায়িত্বশীল আচরণে তিনি যে মানসিক প্রশান্তি পেয়েছেন, তা তুলে ধরেছেন এক আবেগঘন পোস্টে।
গত বছরের ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ে করেন শবনম ফারিয়া। সম্প্রতি স্বামীর একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, সংসারের দায়িত্ব নিতে দেখা এবং একজন প্রকৃত পুরুষের মতো আচরণ করতে দেখা তাকে গভীরভাবে কৃতজ্ঞ করেছে। তার ভাষায়, আল্লাহ তাকে একজন সহজ, আন্তরিক ও সরল মানুষের সঙ্গে জীবন ভাগ করে নেওয়ার সুযোগ দিয়েছেন, যা এই সময়ে বিরল আশীর্বাদ।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, একসময় আবার বিয়ে করা নিয়ে তিনি নিজেই অনিশ্চয়তায় ভুগছিলেন। কাছের মানুষরা তখন তাকে সাহস জুগিয়েছিলেন এবং আশ্বস্ত করেছিলেন যে, দীর্ঘ কষ্টের পর সামনে ভালো সময় অপেক্ষা করছে।
শবনম ফারিয়া জানান, মাত্র তিন দিন আগে তারা নিজেদের নতুন বাসায় উঠেছেন। এই অল্প সময়েই স্বামীর দায়িত্বশীল ভূমিকা তাকে গভীরভাবে স্পর্শ করেছে। তার মতে, এমন মুহূর্তেই মনে হয় জীবন সত্যিই অর্থপূর্ণ হয়ে উঠেছে।
উল্লেখ্য, ২০১৮ সালে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। বিয়ের প্রায় এক বছর নয় মাস পর তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর তানজিম তৈয়বের সঙ্গে নতুন জীবন শুরু করেন তিনি।
বিআলো/শিলি



