১৪ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ বাবা, দিশেহারা মা
তৌফিকুল ইসলাম মহন, গোবিন্দগঞ্জ : ‘আমার বাচ্চাটা এখনও ঠিকমতো কথা বলতে শেখেনি, শুধু ‘মা’ বলে ডাকতে পারে। ওর কী দোষ ছিল’? বুকফাটা কান্নায় কথাগুলো বলছিলেন আফরোজা (২৬)। ৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে আজ তিনি নি.স্ব। কোল থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার ১৪ মাসের শিশু সন্তান। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইড় গ্রামে।
গত ৮ ফেব্রুয়ারি ১৪ মাসের শিশু মো. আব্দুল্লাহ আল আরাফকে নিয়ে নিখোঁজ হন তার পিতা মো. আবু বক্কর ছিদ্দিক। এ সময় আফরোজার ব্যবহৃত একটি মোবাইল ফোনও সঙ্গে নিয়ে যান তিনি। ভুক্তভোগী আফরোজা জানান, বিয়ের পর থেকেই তার স্বামী আবু বক্কর ছিদ্দিক উচ্ছৃঙ্খল জীবনযাপন, নেশাগ্রস্ততা ও পরকীয়ায় জড়িয়ে পড়েন।
এসব বিষয় নিয়ে প্রতিবাদ করলেই তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো। সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত। তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় ছমির উদ্দিন নামে এক ব্যক্তির কু-পরামর্শে গত রবিবার সকালে সবার অগোচরে শিশু সন্তানকে নিয়ে আত্মগোপন করেন আবু বক্কর ছিদ্দিক।
সন্তান ও স্বামীর নিখোঁজের পর গত দুই দিন ধরে আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পাননি আফরোজা। এতে চরম উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। নিজের ও সন্তানের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কার কথা জানিয়ে তিনি সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীর আশঙ্কা, পূর্ব শত্রুতা ও ষড়যন্ত্রের জেরে তার সন্তানের বড় ধরনের ক্ষতি হতে পারে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে শিশুটিকে উদ্ধার করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
বিআলো/আমিনা



