২১৩ আসনে জয় বিএনপি নেতৃত্বাধীন জোটের
বিআলো ডেস্ক: ২৯৯ আসনের মধ্যে ২৯৬টির বেসরকারি ফল ঘোষণার পর স্পষ্ট হয়েছে, সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের মিত্ররা।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভোটগণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফলাফল প্রকাশ করেন। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ২১৩টি আসন।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৪টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৯টিতে।
নির্বাচনকে ঘিরে বিএনপি বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছে। দলটির প্রেস উইং জানিয়েছে, বাদজুমা সারা দেশে শুকরিয়া ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।
সকাল ৭টা ৩০ মিনিটে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। শেরপুর-৩ আসনের ভোট স্থগিত থাকায় ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ২ হাজার ২৯ জন প্রার্থী। মোট ভোটার ছিলেন ১২ কোটির বেশি।
ইতিহাসে দেখা যায়, ১৯৮৮ সালে সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর দীর্ঘ সময় সরকার পরিচালনায় ছিলেন খালেদা জিয়া ও শেখ হাসিনা।
বিআলো/শিলি



