আওয়ামী পুনর্বাসন দেশের জন্য ঝুঁকিপূর্ণ: আসিফ
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করলে বিএনপিকে আবারও বড় ধরনের সংকটে পড়তে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এমন উদ্যোগ দেশের জন্যও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
শনিবার বেলা ১১টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফেরানোর বিষয়ে ইতিবাচক বক্তব্য শোনা যাচ্ছে, যা গভীর উদ্বেগের বিষয়।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে সম্মান করেন, তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রাজনীতির সুযোগ দেওয়াটা ছিল একটি বড় রাজনৈতিক ভুল। বাকশালী ব্যবস্থা প্রতিষ্ঠাকারী দল আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার খেসারত দেশের মানুষকে দীর্ঘদিন দিতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়ার জীবনের কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্রের মাধ্যমে ১/১১ এর সময় বিএনপির নেতৃত্বকে দুর্বল করা হয়েছিল। ভবিষ্যতে আওয়ামী ফ্যাসিবাদ ঠেকাতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৩ আসনে জামায়াতের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। এতে জামায়াতের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি



