আক্রান্ত হলে সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের
আর্ন্তজাতিক ডেস্ক: পরোক্ষ পরমাণু আলোচনা শেষ হওয়ার পরই আবারও উত্তেজনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওয়াশিংটন যখন তেহরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে, তখন পাল্টা কঠোর হুঁশিয়ারি দিল ইসলামি প্রজাতন্ত্র ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো সামরিক আগ্রাসনে জড়ায়, তবে পশ্চিম এশিয়ায় অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। শনিবার কাতারের দোহায় অনুষ্ঠিত আল জাজিরা ফোরামের এক পার্শ্ববৈঠকে তিনি এ বক্তব্য দেন।
আরাকচি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে হামলা চালাবে না, তবে সেসব দেশের ভেতরে থাকা মার্কিন ঘাঁটিগুলো সরাসরি লক্ষ্য করা হবে। তার ভাষায়, এসব ঘাঁটি ইরানের সামরিক সক্ষমতার আওতার মধ্যেই রয়েছে এবং যেকোনো মুহূর্তে পাল্টা জবাব দেওয়ার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত।
পরমাণু কর্মসূচি প্রসঙ্গে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের সার্বভৌম অধিকার এবং এগুলো আলোচনার বাইরে। মাসকটে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক পরোক্ষ আলোচনাকে তিনি ‘ইতিবাচক সূচনা’ বললেও আস্থার ঘাটতির বিষয়টি স্পষ্ট করেন।
বিআলো/শিলি



