আজ ফরিদপুরে দুই জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
সেতু আক্তার, ফরিদপুর : ফরিদপুরে দুই জনসভায় বক্তব্য দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বোয়ালমারী স্টেডিয়ামে ও সন্ধ্যা সাড়ে ৬টায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের নির্বাচনি জনসভায় উপস্থিত থেকে বক্তব্য দেবেন তিনি।
সমাবেশ ঘিরে ইতোমধ্যে নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সমাবেশকে সফল করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুরু হয়েছে মঞ্চ তৈরিসহ অন্যান্য কাজ। দলীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারীতে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ উপলক্ষ্যে সাজসাজ রব পড়েছে ফরিদপুর-১ আসনের তিন উপজেলায়। আমিরে জামায়াতের এটাই বোয়ালমারীতে প্রথম আগমন। তার আগমনকে স্মরণীয় করে রাখতে বোয়ালমারী স্টেডিয়ামে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন মঞ্চ। একই দিনে ফরিদপুর সদরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে একটি জনসভা করার কথা রয়েছে তার।
সরেজমিনে দেখা যায়, ফরিদপুরের বোয়ালমারীতে আমিরে জামায়াতের এটাই প্রথম আগমন তাই জনসভা সফল করতে মঞ্চ তৈরি, সাজসজ্জাসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করতে একাধিক কমিটি কাজ করছে মাঠে। সমাবেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক বাহিনী প্রস্তুত রয়েছে।
প্রস্তুত রয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম। বোয়ালমারী পৌরসভার জামায়াতে ইসলামির সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। জামায়াতের বোয়ালমারী পৌরসভার আমির সৈয়দ নিয়ামুল হাসান বলেন, বৃহৎ এ জনসমাবেশে ফরিদপুর-১ আসনের তিন উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ১ থেকে দেড় লাখ লোকের সমাগম হবে। উৎসবমুখর সুশৃঙ্খল জনসমাবেশ উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরুদ্দীন জানান, ডা. শফিকুর রহমান ফরিদপুরে দুটি নির্বাচনি জনসভা করবেন। তিনি নড়াইল থেকে ফরিদপুরে আসবেন। প্রথম জনসভাটি অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে চারটায় ফরিদপুর-১ আসনের বোয়ালমারী উপজেলা সদরের স্টেডিয়াম মাঠে। দ্বিতীয় জনসভাটি অনুষ্ঠিত হবে ফরিদপুর সদরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে।
বিআলো/আমিনা



