আত্রাইয়ের চকশিমলায় বিস্ময়ের জন্ম, ফুটন্ত তেলে খালি হাতে পিয়াজি ভাজছেন রাকিব
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার চকশিমলা চকবাজারে প্রতিদিনই এক বিস্ময়কর দৃশ্যের সাক্ষী হচ্ছেন স্থানীয়রা। ফুটন্ত গরম তেলের কড়াইয়ে কোনো হাতল বা সরঞ্জাম ছাড়াই খালি হাতে পিয়াজি ও সিংগারা ভাজছেন তরুণ উদ্যোক্তা রাকিব।
তার এই অদ্ভুত কিন্তু দক্ষ কৌশল দেখে রীতিমতো অবাক এলাকাবাসী ও ক্রেতারা। সাধারণত গরম তেলের এক ফোঁটা ছিটে লাগলেই যেখানে শরীর ঝলসে যাওয়ার আশঙ্কা থাকে সেখানে রাকিব নির্ভয়ে হাত ডুবিয়ে খাবার ভাজছেন। ফুটন্ত তেলের ভেতর থেকে খালি হাতে পিয়াজি, সিংগারা ও ডালপুরি তুলে আনার দৃশ্য অনেকেই বিশ্বাস করতে পারছেন না।
চকবাজারে দোকানে আসা ক্রেতারা জানান, এমন দৃশ্য তারা আগে কখনো দেখেননি। অনেকে কৌতূহলবশত শুধু এই দৃশ্য দেখতেই রাকিবের দোকানে ভিড় করছেন। পারিবারিক সূত্রে জানা যায়, দুই ভাই ও দুই বোনের মধ্যে রাকিব মেজ। শৈশব থেকেই তাকে লড়াই করতে হয়েছে অভাব-অনটনের সঙ্গে।
পড়াশোনা করে অনেক দূর এগিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা থাকলেও দারিদ্র্যের কারণে সপ্তম শ্রেণীর পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি। নিজের পায়ে দাঁড়ানোর দৃঢ় সংকল্প নিয়ে রাকিব চকশিমলা চকবাজারে একটি ছোট দোকানঘর ভাড়া নেন।
সেখানে প্রতিদিন পিয়াজি, সিংগারা, ডালপুরিসহ বিভিন্ন মুখরোচক খাবার তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তিনি। নিজের জীবনসংগ্রাম সম্পর্কে রাকিব বলেন, ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছি। পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু অভাবের কারণে তা আর সম্ভব হয়নি।
এখন এই দোকানটাই আমার সব। আমি নিজের কাজকে ভালোবাসি, পরিশ্রম করে অভাব জয় করতে চাই। এলাকাবাসীর মতে, রাকিব শুধু পরিশ্রমী নন, তিনি একজন অদম্য ও মেধাবী তরুণ।
সরকারি বা বেসরকারিভাবে যদি তাকে আর্থিক সহায়তা দেওয়া যায়, তাহলে তিনি তার এই ছোট উদ্যোগকে বড় ব্যবসায় রূপ দিতে পারবেন। তাতে যেমন তার নিজের জীবন বদলাবে তেমনি আরও কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে এমনটাই আশা স্থানীয়দের।
বিআলো/আমিনা



