আবারও সংঘাতে মণিপুর, উখরুলে ঘরবাড়িতে আগুন
আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের মণিপুর রাজ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। উখরুল জেলায় দুই আদিবাসী সম্প্রদায়ের সংঘর্ষে বহু ঘরবাড়ি পুড়ে গেছে।
নাগা ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে রোববার অন্তত ২০টি ঘরবাড়িতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। জারি রয়েছে নিষেধাজ্ঞা, বাড়ানো হয়েছে টহল।
ঘটনাস্থলে পুড়ে যাওয়া বাড়ি ও ধ্বংসস্তূপ ছড়িয়ে থাকতে দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সে জন্য প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
মণিপুরের উপ-মুখ্যমন্ত্রী লোসি দিখো ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে শান্ত থাকার আহ্বান জানান এবং সরকারি সহায়তার আশ্বাস দেন।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে চলমান সহিংসতায় মণিপুরে প্রায় ২৬০ জন নিহত এবং ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
বিআলো/শিলি



