• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আল্লাহই যথেষ্ট, তাঁর বাইরে কোনো আশ্রয় নেই 

     dailybangla 
    04th Feb 2026 3:04 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: মানুষের জীবনে যখন বিপদ নেমে আসে কিংবা প্রয়োজন চেপে বসে, তখন অনেকেই অজান্তেই প্রকৃত ভরসার জায়গা থেকে সরে যায়। আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করলেও ভরসার ক্ষেত্রে কেউ কেউ মানুষ, মাধ্যম বা বস্তুতে আশ্রয় খোঁজে। অথচ কুরআনে কারিম স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, উপকার ও ক্ষতির সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলাই। সুরা আয্-যুমারের ৩৮ নম্বর আয়াতে এই সত্যটি অত্যন্ত দৃঢ় ভাষায় তুলে ধরা হয়েছে।

    মুফতি আবদুল্লাহ তামিম

    وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ ۚ قُلْ أَفَرَأَيْتُم مَّا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ إِنْ أَرَادَنِيَ اللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَاشِفَاتُ ضُرِّهِ أَوْ أَرَادَنِي بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكَاتُ رَحْمَتِهِ ۚ قُلْ حَسْبِيَ اللَّهُ ۖ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُونَ

    তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো, আকাশমণ্ডলী ও পৃথিবী কে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে, আল্লাহ। বলো, তাহলে তোমরা ভেবে দেখেছ কি, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান, তারা কি সেই ক্ষতি দূর করতে পারবে? অথবা আল্লাহ যদি আমার প্রতি অনুগ্রহ করতে চান, তারা কি সেই রহমত ঠেকাতে পারবে? বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট। যারা ভরসা করে, তারা তো তাঁরই উপর ভরসা করে। (সুরা আয্-যুমার: ৩৮)

    এই আয়াতে আল্লাহ তাআলা মানুষের একটি বাস্তব অবস্থাকে তুলে ধরেছেন। মানুষ স্বীকার করে নেয় যে, আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ। কিন্তু এই স্বীকৃতির পরও তারা দোয়া, ভয় কিংবা ভরসার ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যের দিকে ঝুঁকে পড়ে। এই আত্মবিরোধী অবস্থানকে আল্লাহ তাআলা প্রশ্নের মাধ্যমে ভেঙে দিয়েছেন।

    আল্লাহ তাআলা প্রশ্ন করেন, তিনি যদি কারও জন্য ক্ষতি নির্ধারণ করেন, তবে আল্লাহ ছাড়া যাদের ডাকা হয়, তারা কি সেই ক্ষতি দূর করতে সক্ষম? আবার তিনি যদি কাউকে রহমত দিতে চান, তবে কেউ কি তা আটকাতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর স্পষ্ট ও দ্ব্যর্থহীন। কেউই তা পারে না। কারণ প্রকৃত ক্ষমতা ও সিদ্ধান্তের মালিক একমাত্র আল্লাহ তাআলাই।

    এই আয়াত আমাদের শেখায়, দুনিয়ার সব কারণ, মাধ্যম ও শক্তি আল্লাহর ইচ্ছার অধীন। কোনো ব্যক্তি, কোনো প্রতীক, কোনো শক্তিই আল্লাহর ফয়সালার বাইরে নয়। তাই একজন মুমিনের অন্তর আল্লাহ ছাড়া অন্য কোথাও আশ্রয় খুঁজতে পারে না। এই কারণেই আল্লাহ তাআলা ঘোষণা করিয়ে দেন, বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট। যারা সত্যিকার অর্থে ভরসা করে, তারা একমাত্র তাঁরই উপর ভরসা করে।

    সুরা আয্-যুমারের এই আয়াত ঈমানের ভিত্তিকে আরও মজবুত করে দেয়। এটি আমাদের জানিয়ে দেয়, তাওহীদ শুধু মুখের স্বীকৃতিতে সীমাবদ্ধ নয়, বরং বাস্তব জীবনের ভরসার মধ্যেই এর সত্যতা প্রকাশ পায়। সুখ ও দুঃখে, বিপদ ও স্বস্তিতে, লাভ ও ক্ষতিতে একজন মুমিনের হৃদয়ের একমাত্র আশ্রয় হওয়া উচিত আল্লাহ তাআলা। যখন একজন বান্দা অন্তর থেকে বলে ওঠে, হাসবিয়াল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তখনই তার ঈমান পূর্ণতার পথে পৌঁছে যায়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728