ইংলিশ মিডিয়াম ও উচ্চশিক্ষা নিয়ে ডেইলি সানের রাউন্ড টেবিল
উন্মোচন হলো আন্তর্জাতিক মানের ম্যাগাজিন “Beyond Borders”
নিজস্ব প্রতিবেদক: ইংলিশ মিডিয়াম শিক্ষা ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে এক গুরুত্বপূর্ণ সংলাপের আয়োজন করেছে ডেইলি সান। “Global Standards, Local Roots: Adapting English-Medium Education for a New Bangladesh” শীর্ষক এই তাৎপর্যপূর্ণ রাউন্ড টেবিলটি বৃহস্পতিবার সকালে ডেইলি সানের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
OxfordAQA ইন্টারন্যাশনাল এক্সাম বোর্ড, এডুকেশন কনসালটেন্সি NWC এবং Brit Academy London-এর যৌথ পার্টনারশিপে আয়োজিত এই রাউন্ড টেবিলে দেশের ইংলিশ মিডিয়াম শিক্ষা ও উচ্চশিক্ষা খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সকাল ১১টায় শুরু হওয়া এই আয়োজনে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন স্যার জন উইলসন স্কুলের প্রিন্সিপাল সাবরিনা শহীদ, OxfordAQA বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. শাহিন রেজা, ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট তাহনি ইয়াসমিন, Brit Academy-এর অপারেশন ম্যানেজার সাব্বির আলম, ট্রাস্ট ব্যাংক পিএলসির ভিপি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. ওয়াহেদ ইবনে শাহেদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. ফখরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেইলি সানের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভীর উল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস।
রাউন্ড টেবিল আলোচনায় বক্তারা বাংলাদেশে ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থার অর্জনের পাশাপাশি সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তারা নীতিগত সহায়তা জোরদার, শিক্ষক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, ইংলিশ মিডিয়াম শিক্ষা শুধু ভাষাগত দক্ষতা নয়, বরং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রয়োজনীয় চিন্তাশক্তি, নেতৃত্ব ও উদ্ভাবনী সক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উন্মোচন হলো “Beyond Borders”
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ইংলিশ মিডিয়াম শিক্ষা ও উচ্চশিক্ষা বিষয়ক বিশেষ ম্যাগাজিন “Beyond Borders”-এর আনুষ্ঠানিক উন্মোচন। এই ম্যাগাজিনে আন্তর্জাতিক শিক্ষা সুযোগ, বিদেশে উচ্চশিক্ষা, ক্যারিয়ার গাইডলাইন এবং গবেষণাভিত্তিক বিশ্লেষণ তুলে ধরা হবে, যা শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স হিসেবে কাজ করবে।
রাউন্ড টেবিলে স্যার জন উইলসন স্কুল, সানিডেল স্কুল, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলসহ দেশের প্রায় ২০টি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এডুকেশন কনসালটেন্সি, ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এতে একটি বহুমাত্রিক ও বাস্তবভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচকরা আশা প্রকাশ করেন, এই রাউন্ড টেবিল বাংলাদেশের ইংলিশ মিডিয়াম শিক্ষা ও উচ্চশিক্ষা খাতে নীতিগত উন্নয়ন, কার্যকর সংলাপ এবং বাস্তবমুখী কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিআলো/তুরাগ



